পটুয়াখালীর কলাপাড়ায় জামাল ফরাজী (৫০) নামের এক কৃষকের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চরপাড়া গ্রামের নিজ বাড়ির উঁচু রেন্ট্রি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কৃষক জামাল ফরাজী ওই গ্রামের মৃত লতিফ ফরাজির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামাল নিজ গোয়ালের ঘর থেকে গরু নিয়ে মাঠে ঘাস খাওয়ানোর জন্য যায়। আর তার স্ত্রী একই সঙ্গে পার্শ্ববর্তী ক্ষেতে মুখডাল তুলতে যায়। সকাল ১০টার দিকে তার স্ত্রী বাড়িতে ফিরে রেন্ট্রি গাছের সঙ্গে জামালকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। জামালের এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা অথবা কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি কেউ নিশ্চিত বলতে পারেননি।
মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরন মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, জামালকে গাছে ঝুলতে দেখে স্থানীয়রা আমাকে জানায়। পরে আমি কলাপাড়া থানা পুলিশকে অবহিত করি।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, কৃষক জামালের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।