ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার ১১ দিন পর নিজের অফিস থেকে এই প্রথম একটি ভিডিও পোস্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। খবর সিএনএনের।
প্রেসিডেন্ট প্রাসাদে নিজের অফিস থেকে ৯ মিনিটে ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, নিজের অবস্থান ধরে রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী। তিনি বলেন, আমি কিয়েভেই আছি এবং কাউকে ভয় পাই না।
জেলেনস্কি বলেন, আমি লুকাইনি। আমি কাউকে ভয় পাই না। এই যুদ্ধ জেতা পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। ভিডিওটিতে রাতের কিয়েভ শহর দেখা যায়। বিবিসি বলছে, এতে প্রমাণ হয় যে রাজধানীতে নিজের অফিসে বসেই সোমবার রাতে ওই ভিডিওটি ধারণ করা হয়েছে।
পরে অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট অফিস জেলেনস্কির ভিডিও বার্তায় পুরো ট্রান্সক্রিপ্ট প্রকাশ করে। সেখানে জেলেনস্কিকে বলতে শোনা যায়, সোমবার একটি কঠিন দিন ছিল। আমাদের দেশে যুদ্ধ চলছে। তাই প্রতিদিনই সোমবার।
তিনি বলেন, আর আমরা এটা মেনেও নিয়েছি যে প্রতিদিন ও প্রতি রাত এমনই। আজ লড়াইয়ের ১২তম দিন। আমাদের সংগ্রামের ১২তম সন্ধ্যা। আমাদের প্রতিরক্ষার। আমরা সবাই মাঠে আছি, আমরা সবাই কাজ করছি।