জ্বালানির দাম বৃদ্ধির কারণে অন্যান্য পরিবহনের পাশাপাশি শিগগিরই রেলের ভাড়াও সমন্বয় করার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তবে এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে চলমান ডাবল রেল লাইন তৈরির কাজ পরিদর্শনে শেষে গাজীপুর জংশনে সাংবাদিকদের এ কথা জানান রেলমন্ত্রী।
এদিকে ডাবল রেল পথ নির্মাণ প্রকল্প পরিচালক জানিয়েছেন, এ প্রকল্পের কাজের মেয়াদ রয়েছে ২০২৩ সালের জুন পর্যন্ত। নির্মাণ কাজ শুরুর পর থেকে করোনার জন্য কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করা হবে।
কাজ চলাকালীন রেলপথ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকে। কেউ যদি রেল লাইনে এসে দুর্ঘটনায় পড়ে তাহলে এর জন্য রেল মন্ত্রণালয় দায় নেবে না বলেও জানান রেলপথ মন্ত্রী।
জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত ১১ কিলোমিটার ডাবল রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ ২০১৯ সালের ডিসেম্বরে শুরু হয়। ভারতীয় প্রতিষ্ঠান অ্যাফকন্স ও কল্পতরু পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড (কেপিটিএল) যৌথভাবে এর নির্মাণ কাজ করছে।