সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় কাতার থেকে বাংলাদেশে যাত্রী পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপরই ঢাকা থেকে কাতারের দোহা রুটের চারটি ফ্লাইটের তারিখ পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, জনসংযোগ) তাহেরা খন্দকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ ঢাকা-দোহা রুটে ৫, ৯, ১৪ ও ১৯ এপ্রিল এর ফ্লাইটসমূহ বাতিল করে ৭, ১২, ১৬, ও ২১ এপ্রিল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাতিলকৃত ফ্লাইট সমূহের যাত্রীদের তৎপরবর্তী ফ্লাইট সমূহে রি-বুকিং করা হয়েছে।
বাতিলকৃত ফ্লাইট এর রি-বুকিংকৃত যাত্রীদের ‘হোটেল বুকিং’ হালনাগাদ করে বিমানে ভ্রমণ করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। উল্লেখ্য ‘হোটেল বুকিং’ হালনাগাদ ব্যতিত কেউ বিমানে ভ্রমণ করতে পারবেন না।
বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ বিমান অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার- ০১৯৯০৯৯৭৯৯৭ এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।