গাজীপুরের কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বাপাসিয়া-টোক সড়কের চেওরাইট গ্রামের ইলুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মৃত মতি মিয়ার ছেলে সেলিম মিয়া (৫০) ও তার ৮ মেয়ে স্কুল ছাত্রী সাদিয়া (৮) এবং একই জেলার কটিয়াদি থানার বাট্টা এলাকার মো. রুবেলের স্ত্রী নুরজাহান (২৫)। দুর্ঘটনায় নিহত সেলিম মিয়ার স্ত্রী রেহানা এবং নুরজাহানের স্বামী রুবেল আহত হয়েছেন।
তারা দুজনই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হতাহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলিম মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সকাল ৮টার দিকে ইলুর মোড়ে কাপাসিয়ার টোক থেকে গাজীপুরগামী রাজদূত পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো জ ১১-২৫-০১) সঙ্গে কিশোরগঞ্জগামী একটি সিএনজির (গাজীপুর ১১-৯৭-১৭) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা সিএনজির যাত্রীদের উদ্ধার করে প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ৩ জনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। জানা গেছে বাসটির রুট পারমিট নেই।