আফগানিস্তানের ক্ষমতা দখলের দুই দিন পর সংবাদ সম্মেলন করেছে তালেবান। মঙ্গলবার (১৭ আগস্ট) কাবুলে সন্ধ্যার পর এই সংবাদ সম্মেলন করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
প্রায় দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান। রোববার (১৫ আগস্ট) প্রেসিডেন্ট প্যালেসহসহ কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর এটিই প্রথম সংবাদ সম্মেলন সশস্ত্র গোষ্ঠীটির।
সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কেউ আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না।’
তিনি বলেন, ‘২০ বছরের সংগ্রামের পর আমরা (দেশকে) মুক্ত করেছি এবং বিদেশিদের বহিষ্কার করেছি। গোটা জাতির জন্য এটা গর্বের মুহূর্ত।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সাংস্কৃতিক কাঠামোর ভেতরে গণমাধ্যমের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। যখন গণমাধ্যমের বিষয় আসবে তখন সেখানে এমন কোনো কিছুই করা যাবে না যা আমাদের ইসলামিক মূল্যবোধের বিরোধী।’
নারী প্রসঙ্গে তালেবানের নীতি নিয়ে তিনি বলেন, ‘আমরা শরিয়া (ইসলামী আইন) নিয়ম অনুযায়ী নারীদের অধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ। নারীরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাচ্ছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে চাই যে কোনো বৈষম্য থাকবে না। ’
এসময় কোনো জাতির ওপর হামলার জন্য আফগান ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না বলে নিশ্চয়তা দেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে চাই, কারও ক্ষতি হবে না। আমি আমাদের প্রতিবেশীদের আশ্বস্ত করছি, আমরা আমাদের ভূখণ্ড কাউকে বা কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। সুতরাং বিশ্ব সম্প্রদায়ের আশ্বস্ত হওয়া উচিত, আমরা এক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ যে, আপনার ক্ষতি হবে না।’