টাঙ্গাইলের কালিহাতীতে ঘরে ঢুকে সাবেক স্ত্রী, শাশুড়ি, স্ত্রীর বড় ভাই ও শ্যালিকাকে কুপিয়ে আহত করেছে ফল ব্যবসায়ী প্রাক্তন স্বামী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
আহতরা হলেন- সাবেক স্ত্রী রিয়া (১৯), তার মা রহিমা বেগম (৪৭), বড় ভাই রিয়াদুল ইসলাম (২২) ও মামাতো বোন অন্তি (১৮)। এদের মধ্যে গুরুতর আহত রহিমা বেগমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
৬ ডিসেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাংড়া ইউনিয়নের কুচুটি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আহত রিয়ার সঙ্গে কিছুদিন আগে টাঙ্গাইল সদর থানার নাজমুল নামের এক ফল ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়েছিলো। এর কয়েকদিন পরই ডির্ভোস হয়ে গেলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। কিন্তু স্বামী নাজমুল স্ত্রীসহ তার পরিবারকে হুমকি দিয়ে আসছিলো। এতে নাজমুল রোববার রাত ৮টার দিকে ৯জন লোক নিয়ে ৩টি মোটরসাইকেলে এসে রিয়াদের ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ৪ জন জখম করে দ্রুত পালিয়ে যায় তারা।
স্থানীয় বাংড়া ইউনিয়নের চেয়ারম্যান হাসমত আলী জানান, ঘরে ঢুকে ৪ জনকে কুপিয়ে ফেলে রেখে গেছে সাবেক স্বামী এমন খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
কালিহাতী থানার এএসআই কাইয়ুম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।