কাশ্মীরের বদগামে আমরিন ভাট (৩৫) নামে এক টিকটক স্টারকে বাড়িতে ঢুকে হত্যা করা হয়েছে। এসময় ভাটের সঙ্গে থাকা এক আত্মীয়ও গুলিতে আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনকে হত্যা করা হয়েছে।
বুধবার (২৫ মে) সন্ধ্যায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশের ধারণা, এ হত্যাকাণ্ডের সঙ্গে লস্কর-ই-তইয়্যেবা জড়িত।
৩৫ বছর বয়সী আমরিন সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন। তার টিকটক ভিডিও সবচেয়ে জনপ্রিয় ছিল। তবে কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৮টার দিকে আমরিনের বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। আমরিন এবং তার আত্মীয়কে হাসপাতালে নিয়ে গেলে আমরিনকে মৃত বলে ঘোষণা করা হয়।
এর আগে গত মঙ্গলবার (২৪ মে) শ্রীনগরে এক পুলিশের অফিসারের উপর একইভাবে আক্রমণ চালানো হয়। পরে ওই পুলিশ অফিসার নিহত হন। তার মেয়ে তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। তিনিও এখন হাসপাতালে চিকিৎসাধীন।
গত ২৪ ঘণ্টায় সংঘটিত দুটি হত্যাকাণ্ডকে ঘিরে গোটা কাশ্মীরজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। চলতি মাসেই খুন হয়েছেন কাশ্মীরী পণ্ডিত রাহুল ভাট। তারপর থেকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে পণ্ডিতরা আন্দোলন শুরু করেছে।
এদিকে বুধবার ইয়াসিন মালিকের রায় ঘোষণা করেছে দিল্লির বিশেষ আদালত। তাকে দুইটি যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশও দেয়া হয়েছে। এর আগে আদালতে নিজের দোষ স্বীকার করেছিলেন ইয়াসিন। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তার চরম শাস্তির দাবি করেছিল। তবে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয়। এনিয়েও কাশ্মীর উপত্যকায় উত্তেজনা আছে।