এদেশে ব্যান্ড সঙ্গীতের জনক আজম খান চলে যাওয়ার ১১ বছর আজ। ২০১১ সালের ৫ জুন লাখো ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। প্রিয় শিল্পীকে হারানোর এই দিনে নানাভাবে তাকে স্বরণ করে থাকেন ভক্তরা।
১৯৫০ সালে ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন আজম খান। তার পুরো নাম মাহবুবুল হক খান। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে অংশ নিয়েছিলেন তিনি।
১৯৭০ সালে ‘উচ্চারণ’ নামে একটি ব্যান্ডদল প্রতিষ্ঠা করেন আজম খান। তিনি ১৯৭২ সালে প্রথম স্টেজ প্রোগ্রাম করেন নটরডম কলেজে এবং একই সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম টেলিভিশন অনুষ্ঠান করেন। তবে ১৯৭৩ সালের ১ এপ্রিল ওয়াপদা মিলনায়তনের অনুষ্ঠানই তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।
১৯৮২ সালে তার প্রথম একক অ্যালবাম ‘এক জনম’ প্রকাশ হয়। আজম খান একে একে ১৬৮টি একক গান ৩০টি মিক্সস গানসহ ১৪টি অ্যালবাম উপহার দেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘ওরে সালেকা ওরে মালেকা’, ‘আলাল দুলাল’, ‘অনামিকা চুপ’, ‘সারা রাত’ ইত্যাদি।