কিশোরগঞ্জের ইটনায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী থেকে সাবিনা আক্তারের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাবিনা পাগলশী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী এবং একই গ্রামের ইদ্রিছ মিয়ার মেয়ে। শ্বশুরবাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বললেও তাকে হত্যা করা হয়েছে বলে দাবি সাবিনার পরিবারের।
এ ঘটনায় সাবিনার স্বামী সোহেল মিয়া (২১) ও শাশুড়ি ফুলবানুকে (৪০) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সাত মাস আগে পাগলশী বন্দের বাড়ির আলাল মিয়ার ছেলে সোহেলের সাথে সাবিনার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে সাবিনার ঝগড়া চলছিল। সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে এটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করেন সোহেল ।
তবে সোহেল পুলিশকে জানায়, সাবিনা বাড়ির পাশের একটি গাছের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে, মধ্যরাতে সাবিনাকে গাছ থেকে নামিয়ে জয়সিদ্ধি বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।