কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন সাদিয়া আক্তার নামে এক নারী। কুমিল্লা নগরীর গোমতী হাসপাতালে গাইনি ডাক্তার ডা. শাহিদা আক্তার রাখির তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই চার শিশুর জন্ম হয়। জন্ম নেওয়া চারজনের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে শিশু। তারা বর্তমানে কুমিল্লা মডার্ন হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) আছে।
প্রসূতি সাদিয়া আক্তারের স্বামী জিল্লুর রহমান বলেন, ‘বর্তমানে হাসপাতালে অন্তঃসত্ত্বা রোগীকে নিয়ে গেলেই সিজার করে ফেলে। তবে ডা. শাহিদা আক্তার রাখি আমার স্ত্রীকে চেকআপ করে বলেছেন, বাচ্চাগুলোর পজিশন ঠিক আছে। তিনি নরমাল ডেলিভারি করার জন্য বলেন। আমরাও রাজি হয়ে যাই। আল্লাহর রহমতে কোনো সমস্যা ছাড়াই চার সন্তানের বাবা হলাম। শিশুরা এনআইসিইউ আছে। আমি সবার দোয়া কামনা করছি।’
গাইনি ডাক্তার ডা. শাহিদা আক্তার রাখি বলেন, নরমাল ডেলিভারিতে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। প্রসূতি সাদিয়া আক্তারও সুস্থ আছেন। কোনো রকম সিজার ছাড়াই নরমাল ডেলিভারিতে চার শিশুর জন্মের ঘটনা কুমিল্লায় এর আগে ঘটেছে কি-না শুনিনি। তার আগে আমি একসঙ্গে তিন শিশুর নরমাল ডেলিভারি করেছি। আমি নিয়মিত তাদের খোঁজখরব রাখছি। চার শিশুর মধ্যে প্রথম জনের ওজন প্রায় ১১০০ গ্রাম, দ্বিতীয় জনের ১০০০ গ্রাম, তৃতীয় জনের ওজন ৯০০ গ্রাম এবং চতুর্থ জনের ওজন ৮০০ গ্রাম।
তিনি আরো বলেন, অনেক রোগী অভিযোগ করে বলেন, হাসপাতালে গেলে সিজার করানো হয়। সেই ধারণাটা ভুল। আমরা চেকআপ করে বাচ্চার অবস্থা ভালো থাকলে প্রসূতিকে রিস্ক বেনিফিট কাউন্সেলিং করি। তখন প্রসূতি মানসিকভাবে প্রস্তুত থাকলে নরমাল ডেলিভারিই করা হয়। নরমাল ডেলিভারিতে কিছু সময় ঝুঁকি থাকে। তবুও সবকিছু ঠিক থাকলে নরমাল ডেলিভারি করার চেষ্টা করি।