কুমিল্লার দেবিদ্বারে মাটিচাপা পড়ে শফিকুর রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের পশ্চিম পোমকড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুর রহমান (২৬) একই গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকে কোদাল দিয়ে পুকুরের পাড় ভরাট করার কাজ চলছিল। এ সময় হঠাৎ করে পুকুর পাড়টি গাছসহ ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই মাটি চাপা পড়ে শফিকুর নিহত হয়। পরে স্থানীয়রা মাটি সরিয়ে শফিকুরের লাশ উদ্ধার করেন।
ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।