কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান আহম্মেদ (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের নাসির উদ্দিন বিশ্বাস পোয়ালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান আহম্মেদ পোয়ালবাড়িয়া এলাকার কামাল হোসেনের ছেলে। সে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী খেলার সময় জিসানের স্যান্ডেল বিদ্যালয়ের টিনের চালার ওপরে ফেলে দেয়। এ সময় টিনের চালার ওপর থেকে জিসান তার স্যান্ডেল নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যালয়ের টিনের চালে শট সার্কিটের ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক।