বরিশালে নগরীর আটা-ময়দার মিল মালিকের তিনদিন আগে হারিয়ে যাওয়া দুই লাখ টাকা ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মর্তুজার কাছ থেকে ওই টাকা গ্রহণ করেন মিল মালিক শংকর দাস।
শংকর কুমার সাহা বলেন, গত ৬ আগষ্ট বিসিক এলাকার ফ্রেশ বেকারী থেকে তাকে ১ লাখ ৯০ হাজার টাকা দেয়া হয়। ওই টাকা একটি শপিং ব্যাগে নিয়ে মোটর সাইকেলে ঝুলিয়ে নগরীর হাটখোলা কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।
তিনি বলেন, বিসিক এলাকার রাস্তা খানা খন্দে ভরা। এতে শপিং ব্যাগ ছিড়ে টাকা পড়ে যায়। হাটখোলা গিয়ে দেখতে পেয়েছেন টাকা ভর্তি ব্যাগ নেই। তাৎক্ষনিক টাকার সন্ধানে নেমে পড়েন। পথে যে কয়টি দোকানে সিসি ক্যামেরা রয়েছে, সকল ক্যামেরার ফুটেজ দেখে কোন সন্ধান পাননি। সোমবার (৮ আগষ্ট) দিনভর মাইকিং করেন তিনি। টাকা ফিরিয়ে দিলে পুরস্কারের ঘোষনা দেয়াও হয়েছিল।
এই ব্যবসায়ী বলেন, টাকা ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম। হঠাৎ করে বেলা ১১টার দিকে নগরীর ২ নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জা আবেদীন ফোন করে বলেন তার টাকা হারানো গিয়েছে কিনা। টাকার পরিমান কত জানতে চেয়ে নিশ্চিত হয়ে বিকেলে তার কার্যালয়ে গিয়ে টাকা আনতে যেতে বলেন।
শংকর সাহা বলেন, রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি দিনমজুর। তার পরিচয় জানাতে নিষেধ করেছেন। তাই কাউন্সিলর তার পরিচয় জানাননি।
নগরীর ২নং ওয়ার্ড কাউন্সিলর একেএম মতুর্জ আবেদীন বলেন, টাকা কুড়িয়ে পাওয়া ব্যক্তি শ্রমিক। এক কথায় দিনমজুর। টাকা কুড়িয়ে পেয়ে বাসায় নিয়ে যায়। পরে টাকার মালিকের সন্ধান করতে থাকেন। মাইকিং শুনে তিনি টাকা জমা দিয়ে যান।
মতুর্জা বলেন, লোকটি কাউনিয়া এলাকার বাসিন্দা। তার পরিচয় কারো কাছে জানাতে নিষেধ করেছেন। তাই কাউকে তার পরিচয় জানানো হয়নি। কিন্তু এখনো সমাজে ভাল মানুষ আছে। একজন দিন মজুরের যে ১ লাখ ৯০ হাজার টাকার প্রতি লোভ নেই তা মানুষের জানা উচিত।