রাজধানীর তুরাগের রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ আট জনই চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।
শুক্রবার (১২ আগস্ট) রাতে মো. শাহিন (২৬) আরও একজন মারা গেছেন। রাত পৌনে ১১ টায় শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আটজনেরই মৃত্যু হলো।
এ ঘটনায় নিহত অন্য সাতজন হলেন ওই ভাঙারি দোকান-সংলগ্ন রিকশার গ্যারেজের মালিক মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮), শরিফুল ইসলাম (৩২), মো. আলম মিয়া (২০), মো. নূর হোসেন (৬০), মো. মিজানুর রহমান মিজান (৩৫), মাসুম আলী (৩৫) ও আল-আমিন (৩০)।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।
প্রসঙ্গত, শনিবার (৬ আগস্ট) দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।