দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৯ বছর বয়সী ওই শ্রমিকের নাম মো. মেহেদী হাসান।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর দেড়টার দিকে কাজ করার সময় তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মেহেদী হাসান বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার অন্নি গ্রামের মো. দুলালের ছেলে। পরিবারের সঙ্গে সে কেরানীগঞ্জের ধলেশ্বর এলাকায় থাকত।
পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।