কোভিড-১৯ টিকা পাবার আগেই প্রয়োগের চূড়ান্ত প্রস্তুতি চলছে বাংলাদেশে। হামের টিকা প্রদান শেষ হলেই জেলা উপজেলার টিকা সংরক্ষণাগারে কোভিডের টিকা রাখা হবে।
বিশ্বের বিভিন্ন দেশে চলছে কোভিড ভ্যাকসিনের প্রয়োগ। বাংলাদেশে এখনও টিকা পৌঁছানোর অপেক্ষা। ফ্রেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই টিকা পাবার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা।
হাতে সময় কম থাকায় এখন টিকা সংরক্ষণ ও প্রয়োগে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ নিয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। হামের টিকা দেয়া শেষ হলেই জেলা-উপজেলার সংরক্ষণাগারে রাখা হবে কোভিড টিকা।
তবে অনলাইন এবং অফলাইনে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলমান থাকলেও মহড়া এখনও সম্পন্ন হয়নি বলে জানিয়েছে কোভিড-১৯ টিকা বিতরণ কমিটির সদস্য ডা. মুশতাক আহমেদ।
এদিকে টিকা পাবার ক্ষেত্রে অগ্রাধিকার কারা পাবেন তাদের তালিকা চূড়ান্ত হয়নি এখনো। তবে প্রথম মাসে ২৫ লাখ টিকা পাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশী বিভিন্ন রোগে আক্রান্তরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।