একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় সময় শনিবার (২৯ মে) যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করা হয়। কিন্তু তাতে সফল হয়নি মার্কিন বাহিনী।
রেডিও তেহরানের এক খবরে বলা হয়, মার্কিন মিসাইল ডিফেন্স সিস্টেম এজেন্সি বা এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধজাহাজ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শনাক্ত করা, তার পেছনে ধাওয়া করা এবং মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্য নিয়ে এই পরীক্ষা চালানো হয়। কিন্তু এই ব্যবস্থা দিয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি। তবে ঠিক কারণে এই পরীক্ষা ব্যর্থ হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
গত শনিবার পরীক্ষাটি হাওয়াই দ্বীপপুঞ্জের কাছে প্রশান্ত মহাসাগরে এই পরীক্ষা চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তারা পরীক্ষা ব্যর্থ হওয়ার কারণ অনুসন্ধান করছেন।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানামুখী জটিলতায় ভুগছে। দেশটি এই বিষয়ে রাশিয়ার চেয়ে পিছিয়ে রয়েছে বলে মনে করা হয়। সবশেষ নতুন এই পরীক্ষা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় চলমান সংকট আরও দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে।