খাগড়াছড়িতে পৃথক সড়ক দূর্ঘটনায় মো. হানিফ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় মো. নাজিম (১৮) নামে একজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত নাজিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পৃথক দূর্ঘটনায় আহত হয়েছে আরও ৬জন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুরের মধ্যে এসব দূর্ঘটনা ঘটে। খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা সাপমারা, আলুটিলা বড়ব্রীজ, মাইসছড়ি এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মো. হানিফ (২৪) মাটিরাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডের চরপাড়া এলাকার মৃত মোতাহের হোসেনের সন্তান তিনি। এঘটনায় গুরুতর আহত মো. নাজিম উদ্দীন (১৮) একই এলাকার আব্দুল লতিফের সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। সাপমারা এলাকায় পৌঁছলে অপর একটি মটরসাইকেলের সাথে ধাক্কা লেগে দুইজন আরোহীই রাস্তায় পড়ে যায়। এসময় পিছন থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে একজন মারা যায়। অপরজন গুরুতর আহত হয়। এঘটনায় গুরুতর আহতাবস্থায় একজন আরোহীকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এছাড়া, খাগড়াছড়ি জেলা সদরের আলুটিলা থেকে কিছু দূর বড়ব্রিজ এলাকায় পাহাড় থেকে নামার সময় তরমুজবাহী একটি পিকআপ উল্টে যায়। এ সময় পেছনে থাকা মালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা তরমুজ ব্যবসায়ী সাত্তার মিয়া (৫৫) এবং চালক রুবেল মিয়া (১৮) আহত হন।
এর আগে খাগড়াছড়ির জেলা সদরের মাইসছড়ি নামক এলাকায় দু’টি মাহিন্দ্র (থ্রি হুইলার)র মুখোমুখি সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন, সেকান্দার হাওলাদার (৭৫) এবং মো. সেকান্দার (৫৫)। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও, পৃথক আরও দু’টি মোটরসাইকেল দুর্ঘটনায় রেজওয়ানুল হক (২৬) এবং আব্দুল সাত্তার নামে দু’জন আহত হয়েছেন।
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপেল বাপ্পি বলেন, সড়ক দূর্ঘটনায় একজন মারা গেছে। অপরজন গুরুতর আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া ছোট বড় আরও কিছু দূর্ঘটনা ঘটেছে। এসব দূর্ঘটনায় আহত ৬ জনকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আবদুল আজিজ বলেন, বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাগুলো ঘটেছে। দূর্ঘটনার শিকার ১টি ট্রাক গাড়ি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত যুবকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।