খুলনার ডুমুরিয়া থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার গুটুদিয়া থেকে পুলিশ ককটেলগুলো উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গুটুদিয়া ইউনিয়নের ওয়াবদার মাথা নামক মোড় থেকে শলুয়াগামী সড়কে বড়ডাঙ্গা ব্রিজের উত্তর-পাশ এলাকায় রাত ৯টার দিকে হঠাৎ এলাকাবাসী ২টি গুলির শব্দ শুনতে পান। পুলিশ খবর পেয়ে থানার ওসিসহ অন্যান্য অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান এবং এলাকাবাসীর মুখে ঘটনার বর্ণনা শুনে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে রাস্তার পাশ থেকে ৫টি বড় ও ৩টি ছোট ব্যাগ উদ্ধার করে। আর সেই ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে ডুমুরিয়া থানার ওসি কনি মিয়া বলেন, ১০টি ককটেল উদ্ধারের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।