কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই দিন এই ভাইরাস শনাক্ত হয়েছে ৯৬ জনের শরীরে।
মঙ্গলবার (২০ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন- খুলনা মহানগরীর খালিশপুর থানার কোহিনুর মোড়ের জাকির হোসেন (৭০) এবং একই থানার চরের হাট স্কুল ক্রস রোডের মাহফুজা ইসলাম (৬০)।
জানা যায়, জাকির হোসেন করোনা আক্রান্ত হলে ১৮ এপ্রিল এবং মাহফুজা ইসলামকে ১২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে জাকির হোসেন এবং মঙ্গলবার বেলা ১১টায় মাহফুজা ইসলাম মারা যান।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মেহেদী নেওয়াজ বলেন, মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৮টি নমুনা পরীক্ষার পর ৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৫৭ জন রয়েছে। এ ছাড়া বাগেরহাটের ২৭ জন, যশোরের একজন, সাতক্ষীরার দুজন, নড়াইলের দুজন, পিরোজপুরের দুজন, ঢাকার দুজন, গোপালগঞ্জের একজন, বগুড়ার একজন এবং দিনাজপুরের একজন রয়েছেন।