জ্বালানি তেলের দাম বাড়ানোয় টানা তৃতীয় দিনের মতো রাজধানীসহ সারাদেশে আজও সড়কে নেই গণপরিবহন। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায়, ভোগান্তি আরও বেড়েছে।
বিশেষ করে অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা বেশি সমস্যায়। সড়ক দখল করেছে রিকশা, সিএনজি অটোরিকশা আর বিকল্প নানা বাহন।
হঠাৎ জ্বালানির দাম বৃদ্ধির মাশুল, দ্বিগুণ-তিনগুণ ভাড়ায় দিচ্ছেন যাত্রীরা। অনেকে উপায় না পেয়ে, হেঁটেই রওনা হন কর্মক্ষেত্রে। বাড়তি ব্যয় হলেও, সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারার বিড়ম্বনাও রয়েছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিজেল-কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। গত বুধবার (৩ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে। যা ওইদিন রাত ১২টা থেকে কার্যকর হয়।