করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এবং শনাক্তে নওগাঁ জেলায় একদিনে নতুন রেকর্ড গড়েছে।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১লা জুন) ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ জানান জেলায় এর আগে একদিনে এত পরিমাণ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেনি।
সূত্রমতে জেলায় গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহাদেবপুর উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।
গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন ও আরটিপিসিআর পরীক্ষায় নতুন করে ৬৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ১৩৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। এছাড়া ৬২ জনের অ্যান্টিজেন টেস্টে ১৩ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলায় এই ২৪ ঘন্টায় উপজেলাভিত্তিক শনাক্তের সংখ্যা সদর উপজেলায় ১৪ জন, মহাদেবপুর উপজেলায় ৪ জন, মান্দা উপজেলায় ১ জন, পত্নীতলা উপজেলায় ১ জন, ধামইরহাট উপজেলায় ৫ জন, নিয়ামতপুর উপজেলায় ৩৭ জন, সাপাহার উপজেলায় ২ জন এবং পোরশা উপজেলায় ৩ জন। নওগাঁয় করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ০১ শতাংশ। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩০১ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে ১১৮ ব্যক্তিকে। এ পর্যন্ত মোট কোয়ারেন্টিনে নেয়া হয় ২২ হাজার ২৪৯ জন। এ সময় কোয়রেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ জন এবং এ পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ২৮৭ জন।
জেলায় বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন ৯৬২ জন। এ সময় সুস্থ হয়েছেন ৪ জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ২০০৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জনএবং আইসোলেশনে আছেন ৯ জন।