রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর কলেজপাড়া এলাকায় রবিবার রাতে কোরবানীর মাংস খেতে গিয়ে হাড় গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম আলিফ হোসেন (১৩)।
আলিফ রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাঁর বাবার নাম হাবিবুর রহমান।
কলেজপাড়া এলাকার বাসিন্দা বেলাল ওয়াদুদ বলেন, আলিফেরা চারবোন ও এক ভাই। রাতে কুরবানির মাংস খেতে গিয়ে আলিফের গলায় মাংসের হাড় আটকে যায়। বাড়িতে অনেক চেষ্টা করেও তা বের করা যায়নি। রাতে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়।
পরে রাতেই তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে আলিফ মারা যায়।
আলিফের বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি কাপড়ের ব্যবসা করতেন। প্রায় দেড় থেকে দুই বছর আগে স্ট্রোক করে মারা যান তিনি।
খাওয়ার সময় গলায় কোরবানির পশুর হাড় আটকে আলিফের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌহিদুল ইসলাম তুহিন।