মেহেরপুরের গাংনীতে গরুবোঝাই লাটাহাম্বার (স্যালোইঞ্জিত চালিত ট্রাকের মতো গাড়ি) চাকায় শাড়ি আটকে নিছারন নেছা (৫৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার চোখতোলা মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিছারন নেছা উপজেলার কাষ্টদহ গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে। ঘটনার পরপরই লাটাহাম্বার চালক ও গরুর মালিকরা গরু নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী নিছারন নেছা চোখতোলা থেকে জোড়পুকুরিয়ার দিকে রাস্তার ডান পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গরুবোঝাই লাটাহাম্বারটি বামন্দী থেকে গাংনীর দিকে আসছিল। দ্রুত গতির লাটাহাম্বারটি ঢালাই রাস্তা থেকে নতুন নির্মিত রাস্তায় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই নারীর ওপর উঠে যায়। এ সময় চাকার সঙ্গে শাড়ি আটকে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’