গাইবান্ধায় এক রশিতে গলায় ফাঁস দেয়া অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পেয়ারাপুর গ্রামের ঘাটালের ভিটা নামক স্থান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, সদরের বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের মৃত রামনাল চন্দ্রের ছেলে মৃণাল চন্দ্র দাস ও একই ইউনিয়নের পাঠানডাঙ্গা মাঝি পাড়া গ্রামের মিঠা সাধু দাসের ছেলে সুমন চন্দ্র দাস। তারা সম্পর্কে বন্ধু। দুজন এলাকায় মাছের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জমি দেখতে এসে ঘাটালের ভিটা নামক স্থানে কয়েকজন গলায় ফাঁস দেয়া অবস্থায় তাদের দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, এক রশিতে ফাঁস দেয়া অবস্থায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ, ছুরি, কাঁচি, দুটি মাস্ক ও রুমাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।