গাজীপুরের শ্রীপুরে গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানার বিরুদ্ধে অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ায় এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কারখানায় এ ঘটনা ঘটে। গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোনায়েম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত জাহিদুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করতেন।
কারখানার একাধিক শ্রমিক জানায়, গত পাঁচদিন ধরে জাহিদুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বারবার ছুটি চাইলেও কারখানার প্রশাসন বিভাগ থেকে ঈদের আগে কাউকে ছুটি দেওয়া হবে না বলে জানানো হয়। কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শরীর নিয়ে তাকে কাজ করতে বাধ্য করেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লাইন চিফ কামরুলের কাছে ছুটি চাইলে শিপমেন্টের চাপ আছে বলে ছুটি দেওয়া যাবে না বলে জানিয়ে দেন। চিফ কামরুল বলেন, মরে গেলেও ছুটি দেওয়া যাবে না। অসুস্থ শরীর নিয়েই জাহিদ পুনরায় কাজে যোগ দেয়। এক পর্যায়ে তিনি বিকেল সাড়ে ৩টার দিকে ফ্লোরে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে কারখানার মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে মাওনা আলহেরা হাসপাতালে পাঠায় কারখানা কর্তৃপক্ষ।
মাওনা আলহেরা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আলীম বিশ্বাস জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানার সুইং অপারেটর জাহিদুল ইসলামকে মৃত অবস্থায় এখানে আনা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোনায়েম হোসেন জানিয়েছেন, খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত জাহিদের পাওনা টাকা ও দাফন কাফনের জন্য সব ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক (এডমিন ম্যানেজার) আরিফুর রহমান রাহাত জানান, জাহিদুল ইসলাম কয়েকদিন যাবত শারীরিক অসুস্থতা নিয়ে কাজ করছিল। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি কাজ করা অবস্থায় ফ্লোরে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে কারখানার মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে জাহিদকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।