গাজীপুরের শ্রীপুরে পানিতে ডুবে নিখোঁজের প্রায় দুই দিন পর এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল ৭টার দিকে কাপাসিয়া ফকির মজনু শাহ সেতু এলাকার বানার নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন স্থানীয় নৌকার মাঝিরা।
নিহতের নাম বিশ্বজিৎ। সে শ্রীপুর পশু হাসপাতালসংলগ্ন বিনয় বাসফোরের একমাত্র ছেলে ও শ্রীপুরের পিয়ার আলী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।
নিহতের চাচাতো ভাই কৃষ্ণ বাসফোর জানান, বৃহস্পতিবার দুপুরে বিশ্বজিৎ বন্ধুদের সাথে গোসিঙ্গা বানার নদীতে গোসল করতে যায়। সেখানে বিকালে সে হঠাৎ করে পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা স্থানীয়দের সহায়তায় তাকে খোঁজাখুঁজি করে ও ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি মিজানুর রহমান জানান, খবর পেয়ে শুক্রবার পর্যন্ত নদীতে অনেক খোঁজাখুঁজি করেও কিশোরের সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল ৭টার দিকে নৌকার মাঝিরা একটি লাশ শ্রীপুর থেকে কাপাসিয়ার দিকে ভেসে আসতে দেখেন।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ জানান, খবর পেয়ে মাঝিদের মাধ্যমে লাশ উদ্ধার করে আবেদনের ভিত্তিতে নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।