গাজীপুর শহরের রাজবাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সংঘর্ষে প্রায় ১৩ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ মার্চ) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ নেতাকর্মী ও পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছাত্রদল ও যুবদলের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায় যুবদলের একটি মিছিল। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তখন তাদের ধাওয়া করে। এর পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ারসেল ও ফাঁকাগুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সংঘর্ষ চলাকালীন মাসুদ (৩৮), জুবায়ের (২০) ও শামীম (৪০) নামে ছাত্রদল ও যুবদলের ৩ কর্মীকে আটক করে পুলিশ।
এই ঘটনার বিষয়ে সদর মেট্রো থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে যুবদল ও ছাত্রদলের ৩ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’