গাজীপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কারখানার ৩য় তলায় লার্জ ভলিয়ম প্যারেন্টাল চক্ষু ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানা কর্তৃপক্ষ আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও বিভিন্ন স্থান থেকে ৮টি ইউনিট যোগ দিয়েছে।
এ ঘটনায় কারখানার ভেতরে কোনো গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। এছাড়া মির্জাপুর ও সাভারসহ কয়েকটি ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দিয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।