অনুমতি ছাড়া ফিফা বিশ্বকাপ ২০২২ এর লোগো ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে কাতার। মূলত কয়েক ডজন নম্বর প্লেট নিলামে তোলার পর এই সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
এক টুইট বার্তায়, আইন অমান্যকারীদেরকে আইনের আওতায় আনা হবে জানিয়ে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘ গাড়ীর নম্বর প্লেটে বিশ্বকাপের লোগো কপি করে প্রতিস্থাপন করা নিষেধ। বিশ্বকাপের লোগো সম্বলিত প্লেটগুলো ফিফার সঙ্গে সমন্বয় করে নির্দিষ্ট শর্তে জারি করা হয়েছে। সেই সঙ্গে শুধুমাত্র নিলামে বিশেষ নম্বর প্লেট দেয়া হয়েছে।’
গত মে মাসে বিশ্বকাপের লোগো সম্বলিত ৫০টি লাইসেন্স প্লেট নিলামের জন্য রাখা হয়েছে, যা খুবই ব্যয়বহুল। একেকটির মূল্য ধার্য্য করা হয়েছে ১.৮ মিলিয়ন কাতারি রিয়াল।
বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ জানায়, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়া কাতার বিশ্বকাপ ২০২২ এর লোগো সম্বলিত জার্সি বিক্রির দায়ে তারা পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গত বছর একটি কারখানায় অভিযান চালিয়ে বিশ্বকাপের লোগো সম্বলিত পারফিউম উদ্ধার করেছিল কর্তৃপক্ষ। তবে কাউকে আটক করা হয়নি। কারণ বিশ্বকাপের অফিসিয়াল কোনো পারফিউম নেই।