ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের গুচ্ছগ্রামের ২০টি টিনের ঘর বিক্রি করার অভিযোগে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর কথিত গুরু মা (হিজড়া দলনেতা) রুবী বেগম ওরফে রুবেলকে গ্রেফতার করা হয়েছে।
রোববার দিবাগত রাতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর গ্রাম থেকে রুবী ওরফে রুবেলকে গ্রেফতার করে পুলিশ। সোমবার আদালতে হাজির করা হলে পরে তাকে কারাগারের পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন। তিনি বলেন, নারগুন ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা হাসান আলী বাদী হয়ে সরকারি ঘর বিক্রি করার অভিযোগে মামলা করেন। এ মামলায় তাকে (রুবী) গ্রেফতার করা হয়।
নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, পশ্চিম নারগুন ইক্ষু খামার এলাকায় ২০১৯ সালে এই জনগোষ্ঠীর ৩০ সদস্যদের জন্য সরকার টিনের তৈরি বাড়ি করে দেয়। এরপর আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাদের সেমিপাকা বাড়িও করে দেওয়া হয়। তবে টিনের ঘরগুলো ফাঁকা পড়েছিল। হঠাৎ করে ঘরগুলো গায়েব হয়ে যায়।
ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, সরকারি ঘর বিক্রি করে দেওয়া ফৌজদারি অপরাধ। এ বিষয়ে ভূমি সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। সোমবার বিকালে প্রতিবেদন জমা দিলে বিস্তারিত জানা যাবে।