কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে এক নারীকে (৪৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার রাত নয়টার দিকে দুজনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি মামলা হয়েছে। এর আগে বিকেলে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ কামাল (৪০) নামের এক ব্যক্তিকে আটক করে।
মহেশখালী থানায় ভুক্তভোগী নারীর স্বামীর করা এজাহারে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুই যুবক উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এক ব্যক্তির বসতবাড়িতে ঢুকে পড়েন। এ সময় ওই দুই যুবক হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে ওই ব্যক্তি পালিয়ে যান। একপর্যায়ে ওই বাড়ির ভেতর থেকে এক গৃহবধূকে (৪৫) ধরে নিয়ে যান যুবকেরা। এরপর বাড়ির পাশে নিয়ে গিয়ে দুজনে ওই নারীকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর রোববার দুপুরে ভুক্তভোগী নারী স্থানীয় কালারমারছড়া পুলিশ ফাঁড়িতে ঘটনার বিষয়টি জানান। বিকেলে অভিযান চালিয়ে পুলিশ ওই ঘটনা সঙ্গে জড়িত অভিযোগে মোহাম্মদ কামালকে গ্রেপ্তার করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী গণমাধ্যমকে বলেন, দুপুরে এ ঘটনা জানার পর শারীরিক পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ঘটনায় থানায় দুজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িত আরেকজনকে ধরার চেষ্টা চলছে।