ময়মনসিংহ; ময়মনসিংহে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ঘটনায় মো. আমানউল্লাহ (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গ্রেফতার তরুণ নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ওইদিন ভোরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত বছরের ২৩ ডিসেম্বর দুপুরে ওই গৃহবধূ বাড়ি যাওয়ার জন্য গফরগাঁও উপজেলা রেলওয়ে স্টেশনে অবস্থান করছিলেন। এসময় সুমন মিয়া নামে এক যুবক ওই নারীকে ভালুকায় পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তোলেন। কিছুক্ষণ পর সুমন তার বন্ধু আমানউল্লাহকে ফোন করে ডেকে নিয়ে আসেন।
পথে সময় ক্ষেপণ করে সন্ধ্যা নামলে নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় সড়কের পাশের জঙ্গলে নিয়ে তারা ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ওই নারীকে দেওয়ানগঞ্জ বাজারের কাছে ফেলে রেখে চলে যান।
ওই ঘটনায় গত ২৭ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নান্দাইল থানায় ধর্ষণ মামলা মামলা করেন।
ময়মনসিংহ র্যাব-১৪ সদর দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক আমানউল্লাহর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।