গাজীপুরের টঙ্গীতে পিস্তলসহ এক সন্ত্রাসীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। জনতার পিটুনিতে আহত ওই সন্ত্রাসীকে মঙ্গলবার রাত ১০টায় টঙ্গীতে একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক সন্ত্রাসীর নাম সুমন সরকার (২২)। স্থানীয় সাতাইশ ইউসুফ মাস্টারের বাড়ির ভাড়াটিয়া সোহরাব হোসেনের ছেলে তিনি।
সুমনের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্ধী থানার কুড়িকাহনিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে টঙ্গীর সাতাইশ রাজনগর খালে গোসল করাকে কেন্দ্র করে অস্ত্রধারী সুমনের ছোট ভাই শুভর সাথে এলাকার কয়েক জন কিশোরের মারামারি হয়। শুভ ঘটনাটি মোবাইল ফোনে তার মা সুমি আক্তারকে অবহিত করে। সুমি ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিপক্ষের কিশোরদের গালাগাল করেন এবং প্রতিশোধ নিতে মোবাইল ফোনে তার বড় ছেলে সুমনকে ডেকে ঘটনাস্থলে নিয়ে যান। সুমন ঘটনাস্থলে পৌঁছেই কয়েকশ লোকের উপস্থিতিতে গামছায় পেছানো পিস্তল খুলে গুলি করতে উদ্যত হয়। এসময় উপস্থিত জনতা চারদিক থেকে সুমনকে ঘিরে ফেলে এবং গণধোলাই দিয়ে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, দুই রাউন্ড গুলি ভর্তি ‘মেড ইন ইউএস’ লেখা অত্যাধুনিক একটি পিস্তলসহ সুমনকে আটক করা হয়েছে। জনতার পিটুনিতে আহত সুমনকে স্থানীয় একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
#যুগান্তর