নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত মো.জসিম উদ্দিন উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
গত মঙ্গলবার (২৭ এপ্রিল) এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে অভিযুক্ত যুবককে আসামি করে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দ্বীপ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূকে দীর্ঘদিন থেকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বখাটে ওই যুবক। গত ২৫ এপ্রিল গৃহবধূ বসতঘরে একা ছিলেন। পরিবারের অন্য সদস্যরা বাইরে থাকায় প্রতিবেশী জসিম তাকে ধর্ষণের চেষ্টা করেন। তখন গৃহবধূ চিৎকার করলে জসিম দৌড়ে পালিয়ে যান।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পরবর্তীতে পুলিশ এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।