ঢাকার ধামরাইয়ে নদীতে নৌকায় ঘুরতে গিয়ে নিখোঁজের একদিন পর মো. রাব্বি হোসেন (২৪) নাম কুয়েত প্রবাসী এক যুবক মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসে ডুবুরি দল।
শনিবার (২৩ জুলাই) দুপুরে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত রাব্বি ধামরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কুমরাইল এলাকার মো. হুমায়ুন মিয়ার ছেলে। রাব্বি কিছুদিন আগেই কুয়েত থেকে দেশে এসেছেন।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (২২ জুলাই) বিকেলে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান এলাকায় বংশী নদীতে নৌকায় করে ঘুরতে যান একদল যুবক। এ সময় রাব্বি নৌকা থেকে নদীতে পরে তীব্র স্রোতে মধ্যে হারিয়ে যান। পরে স্থানীয়রা খবর দিলে ডুবুরি দলের দু’টি ইউনিট রাত পর্যন্ত চেষ্টা করেও ওই যুবককে খুঁজে পাননি। পরে শনিবার দুপুরে নদী থেকে রাব্বির মরদেহ উদ্ধার করে।
ধামরাই ফায়ার সিনিয়র স্টেশন অফিসার মো. সোহেল রানা বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় শুক্রবার রাতে তাকে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া সে যেখানে ডুবেছে সেখানে পানির গভীরতা ছিল প্রায় ১০০ ফুট বা তারও বেশি। ঢাকা থেকে ডুবুরি দলকে খবর দিলে শনিবার বংশী নদী থেকে ডুবে যাওয়া ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।