আবারও আলোচনায় ফ্রান্স-ভারতের রাফায়েল চুক্তি। বিতর্কিত চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরই ভারতীয় মধ্যস্থতাকারীকে দশ লক্ষ ইউরো ‘উপহার’ দিয়েছিল ফরাসি সংস্থা দাসল্ট। রাফায়েল প্রস্তুতকারী সংস্থার অডিট রিপোর্টে এই ‘উপহারের’ কথা উল্লেখ রয়েছে। যদিও কেন এই উপহার? তার অবশ্য বিশদ ব্যাখ্যা কোথাও মেলেনি। যা নিয়ে নতুন করে জলঘোলা শুরু হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম মিডিয়া পার্ট সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ভারতীয় অঙ্কে প্রায় সাড়ে ৮ কোটি রুপি উপহার দেওয়া হয়েছিল দেশটির মধ্যস্থতাকারী সংস্থাকে। বিষয়টি এরই মধ্যে ফ্রান্সের দুর্নীতি দমন শাখার (এএফএ) তদন্তে উঠে এসেছে।
রাফায়েল প্রস্ততকারক সংস্থা দাসল্টের অ্যাকাউন্ট অডিট করার সময়ই বিষয়টি সামনে আসে। সে সময় ফরাসি সংস্থা দাবি করেছিল, ভারতীয় সংস্থাকে তারা রাফায়েলের ৫০টি ডামি বানাতে দিয়েছিল। মূলত সেই সূত্রেই এই টাকা দেওয়া হয়েছে।
যদিও মিডিয়া পার্টের দাবি, দাসল্ট তাদের দাবির স্বপক্ষে এএফএকে শক্ত কোনো প্রমাণ দিতে পারেনি। ২০১৭ সালে এএফএ তার স্পেশ্যাল নোটে ওই খরচকে অন্যান্য খরচের তুলনায় ‘বৈষম্যমূলক’ বলে উল্লেখ করেছিল।
গরমিল নজরে পরলেও বিষয়টি এএফএর উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে দাবি করেছে ফরাসি মিডিয়া। প্রশ্ন তুলেছে সংস্থার তদন্তের নিরাপত্তা নিয়েও। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশাল অঙ্কের উপহারের স্বপক্ষে এএফএর কাছে সাফাই দেওয়ার চেষ্টা করেছে দাসল্ট। ভারতীয় মধ্যস্থতাকারী ডেফসিস সলিউশনসের ইনভয়েস জমা করা হয়েছিল।
২০১৭ সালের ৩০ মার্চের ইনভয়েসে দাবি করা হয়, দাসল্টের তরফে ভারতীয় সংস্থা ডেফসিস সলিউশনসকে রাফালের ৫০টি ডামি তৈরির বরাত দেওয়া হয়েছে। যার মূল্য ১০ লক্ষ ১৭ হাজার ৮৫০ টাকা। প্রতিটি ডামির দাম ধার্য করা হয়েছে ২০ হাজার ৩৫৭ টাকা করে। যদিও এর স্বপক্ষেও কোনো নথি দেখাতে পারেনি দাসল্ট।
উল্লেখ্য, ভারতীয় সংস্থা ডেফসিস সলিউশনস সুশেন গুপ্তার নামে এক বিতর্কিত ব্যক্তির সঙ্গে যুক্ত। গত বছরের আগস্টে ওয়েস্টল্যান্ড চপার কেলেঙ্কারির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত সুশেন গুপ্তা। এবার রাফায়েল চুক্তিতেও তার নাম যুক্ত হলো।
এই রিপোর্ট প্রসঙ্গে ফরাসি পোর্টাল মিডিয়া পার্টের ইয়ান ফিলিপিন জানিয়েছেন, তিন দফায় এই রিপোর্ট প্রকাশ করা হবে। এটা শুধুমাত্র প্রথম পার্ট। যা দেখে ওয়াকিবহাল মহলের প্রতিক্রিয়া, কেঁচো খুঁড়তে না কেউটে বেরিয়ে আসে!