ফিলিপাইনে ঘূর্ণিঝড় কম্পাসুর আঘাতে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১১ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
দেশটির আবহাওয়া দপ্তর জানায়, সোমবার সন্ধ্যার দিকে ফিলিপাইনের বেশ কয়েকটি উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় কম্পাসু।
জানা যায়, ঝড় বয়ে যাওয়ার সময় বাতাসের গতিবগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ বেনগুয়েতে ৪ জন মারা যায়।
এদিকে, দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বীপরাজ্য পালাওয়ানে মারা গেছে আরও ৫ জন। এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিধসের কারণে নিখোঁজ হয়েছেন আরও ১১ জন।
ঘূর্ণিঝড়ের আঘাত থেকে রক্ষায় ১ হাজার ৬০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ফিলিপাইনে প্রায় ৭ হাজার ৬০০ দ্বীপপুঞ্জ রয়েছে। বছরে প্রায় ২০টির অধিক ঘূর্ণিঝড় দেশটিতে আঘাত হানে। এতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের কারণে প্রতিবছর ব্যাপকহারে ভূমিধ্বসের ঘটনা ঘটে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের মুখপাত্র হ্যারি রকু রয়টার্সকে জানায়, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট।