একদিন আগেই দুর্ঘটনায় ঝরেছে ১১ প্রাণ। চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় আসা পর্যটকদের ভয়াবহ ঐ দুর্ঘটনার আতঙ্ক এখনো কাটেনি। এজন্য ঐ লেভেলক্রসিংয়ে এসেই থেমে যাচ্ছে পর্যটকদের গাড়ি।
সবুজ সংকেত পেয়েও রেললাইন ক্রস করছেন না অনেক চালক। নিজেরা দেখে নিশ্চিত হয়ে রেললাইন ক্রস করছেন পর্যটকরা। শনিবার মীরসরাইয়ের ঐ লেভেলক্রসিংয়ে এমন দৃশ্য দেখা যায়।
খৈয়াছড়া লেভেলক্রসিংয়ের গেটম্যান সবুজ সিগন্যাল দিলেও ডান ও বাম দিকে না দেখে কোনো যানবাহনই পার হচ্ছে না। আবার অনেক যানবাহনের চালক সিগন্যাল পাওয়ার পর কয়েক মিনিট থেমে লেভেলক্রসিং পার হচ্ছেন।
ঐ লেভেলক্রসিংয়ের গেটম্যান সুবাস চন্দ্র দাস বলেন, এ দুর্ঘটনার আগে এমনটি ছিল না। তবে এখন সবুজ সিগন্যাল দেওয়ার পরও দুই দিক না দেখে ক্রসিং পার হচ্ছে না কোনো যানবাহন।
শুক্রবার দুপুরে বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন পর্যটকবাহী মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ যাত্রী নিহত হন। এছাড়া আহত হন আরো পাঁচজন।