চট্টগ্রামে হাছিনা আক্তার নামে কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত হাছিনা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া মাদরাসা এলাকার কালা চেয়ারম্যানের বাড়ির মো. নুরুর মেয়ে। নগরীর পাহাড়তলী থানার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের একটি মামলায় ৩০ এপ্রিল থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন বলে জানিয়েছে কারা সূত্র।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাছিনা আক্তারকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তিনি মারা যান। লাশ মর্গে পাঠানো হয়েছে।