চট্টগ্রাম মহানগরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ পুলিশসহ অন্তত বিএনপির ২১ নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাতসহ ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আজ সোমবার (২৯ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, মোদির আগমনকে কেন্দ্র করে আলেম ওলামাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশের আয়োজন করে। এসময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ এসময় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুঁড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এসময় তারা রাস্তায় থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ নাসিমন ভবন কার্যালয়ে ঢুকে নগর মহিলা দলের সাবেক সভানেত্রীসহ ৩০ জনকে আটক করেন।