রোববার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে সদরঘাট থানা এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় লরিটি জব্দ করেছে পুলিশ। নিহত খাদিজা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ শেষে বাসায় যাওয়ার পথে সদরঘাট থানার সামনে রাস্তায় একটি লরি পেছন থেকে তাকে ধাক্কা দিলে আহত অবস্থায় ওই কলেজ ছাত্রীকে তার সহপাঠীরা হাসপাতালে নিয়ে যায়। তিনি স্থানীয় ইসলামিয়া ডিগ্রী কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ওই কলেজ শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে লাশ মর্গে রাখা হয়েছে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, কলেজ শেষে সহপাঠীদের সাথে নদীর পাড়ে (নেভাল-২) বেড়াতে যাচ্ছিলেন উর্মি। এসময় মূল সড়ক থেকে ঘাটের রাস্তায় যাওয়ার পর তাকে পেছন থেকে রডবোঝাই একটি লরি চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় উর্মিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
নগরীর কর্ণফুলী নদীর সদরঘাট থেকে ব্রিজ ঘাট পর্যন্ত এলাকা স্থানীয়দের কাছে নেভাল-২ নামে পরিচিত। প্রতিদিন বিপুল সংখ্যক লোক আসেন নদীর পাড়ে। বিভিন্ন বয়সী লোকজন নদীর তীরে বেড়াতে যায়।