চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন নয়া বাজারের সুলতান চৌধুরী মার্কেটের ‘বৈশাখী সাজ জুয়েলার্সে’ দুর্ধর্ষ চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জুয়েলার্সের মালিক সেন্টু ধর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৫ আগস্ট রাতে স্বর্ণের দোকানের কাজ শেষে দুটি লোহার কলাপসিবল গেইট, দুটি লোগার গ্রিলে তালা লাগিয়ে বাসায় চলে যাই।
পরদিন দুপুরে দোকানের সামনের দুটি কলাপসিবল গেইট খুলে ভেতরে প্রবেশ করে দেখা যায়, একটি লোহার সিন্দুক ভাঙা, সিন্দুকে থাকা স্বর্ণালংকার নেই এবং দোকানের পেছনে দুটি লোহার গ্রিল দেয়াল থেকে ভাঙা ও সিসি ক্যামেরার তার কাটা।
বৈশাখী সাজ জুয়েলার্সের মালিক সেন্টু ধর বলেন, দোকানের লোহার কলাপসিবল গেইট ভাঙা এবং একটি সিন্দুকের তালা ভাঙা ও সিন্দুক খোলা এবং সিন্দুকের ভেতর রক্ষিত (বন্ধক ও মেরামতিসহ) স্বর্ণের ২০টি নেকলেস, ৮ জোড়া স্বর্ণের চুড়ি, ৪ জোড়া স্বর্ণের হাতের বালা, ৪ জোড়া স্বর্ণের হাতের বেসলেট, ২০ জোড়া স্বর্ণের কানের দুল, ২৫ জোড়া স্বর্ণের কান বালা, ৪০টি স্বর্ণের আংটি-পাথরসহ ২৪টি স্বর্ণের গলার চেইন, ৩০ জোড়া স্বর্ণের নথ রিং, সর্বমোট ৯০ ভরি স্বর্ণালংকার চুরি হয়।
এসবের বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা। একই সঙ্গে নগদ পাঁচ লাখ টাকা চুরি হয়। পরে ব্যবসা প্রতিষ্ঠানের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দেখি, অজ্ঞাতনামা দুই ব্যক্তি দোকানে ঢুকে চুরি করে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করি।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন বলেন, নয়া বাজারের বৈশাখী সাজ জুয়েলার্সে চুরির ঘটনায় দোকানের মালিক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আমরা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি। আসামিদের গ্রেপ্তারে আমরা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি।