অনুশীলনে মুশফিকুর রহিম বরাবরই সিরিয়াস। প্রায়ই দেখা যায় সতীর্থদের আগেই তিনি চলে আসেন মাঠে। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে ছিলেন না বেশ কয়েকজন। ছিলেন মুশফিক। সবার আগে নেটে শুরু করেন ব্যাটিং অনুশীলন। সাম্প্রতিক সময়ে তেমন রান পাচ্ছেন না তিনি। তাই ছন্দে ফেরার প্রাণপণ চেষ্টা। ওয়ানডেতে সবশেষ হাফ সেঞ্চুরি পেয়েছিলেন পাঁচ ম্যাচ আগে। ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে করেছেন ১২ ও ১৮ রান।
বাংলাদেশ দলের সংবাদ সম্মেলনে অবধারিতভাবে উঠে এলো মুশফিক প্রসঙ্গ। ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট বলেন, ‘আমার মনে হয় মুশফিকের বিশ্বমানের ক্যারিয়ার আছে। মূল্যবান খেলোয়াড় সে। ইনিংসজুড়ে ব্যাট করে, খেলাটাকে গভীরে নিয়ে যায়।’
মুশফিকের পরিশ্রমী মানসিকতার কথা উল্লেখ করে ফিল্ডিং কোচ বলেন, ‘মুশফিক বহুমুখী প্রতিভার অধিকারী। সে যেভাবে প্রস্তুতি নেয়, ম্যাচে যায়, খেলা বোঝে, আপনি এর বেশি কিছু চাইতে পারেন না সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে। তার সঙ্গে নির্বাচক বা অধিনায়কের কথা কী হয়েছে, আমি জানি না। তবে আমি তার ওয়ার্ক এথিকস নিয়ে খুশি।’