চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ রোববার সকাল থেকে পটিয়া উপজেলার খরনা এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এই অবরোধে সকাল সাড়ে ১০টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
হেফাজতের নেতাকর্মীরা অনেকেই লাঠি হাতে অবস্থান নিয়েছেন। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী জানান, চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ বেশ কয়েকটি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এছাড়া চট্টগ্রাম-রাঙামাটি সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে।
এদিকে, শুক্রবার বিকেল থেকে বন্ধ রয়েছে হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক। হাটহাজারী মাদরাসার সামনে ইটের দেয়াল তুলে সড়ক অবরোধ করে রেখেছে মাদরাসার শিক্ষার্থীরা।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বায়তুল মোকাররম, হাটহাজারীসহ সারা দেশে হেফাজতের আন্দোলনরত কর্মীদের ওপর হামলা এবং ৫ জন নিহত হওয়ার প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম।