চট্টগ্রাম কারাগারে বন্দি নিখোঁজের ঘটনায় মামলা করেছে কারা কর্তৃপক্ষ। শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানায় বাদী হয়ে মামলা করেন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান।
এর আগে, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজ বন্দি ফরহাদ হোসেন রুবেল, নগরীর সদরঘাট থানার হত্যা মামলার আসামি। তার বাড়ি নরসিংদী জেলায়।
গত ৯ই ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে রাখা হয়েছিলো তাকে।
শনিবার নিয়মিত বন্দি গণনার সময় তার কারাগারে না থাকার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনার পর কারাগারে পাগলা ঘণ্টা বাজিয়ে কারাভ্যন্তরে দাঙ্গা পুলিশ দিয়ে তল্লাশিও চালানো হয়।