চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. হোসেন নামে এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার সকালে অসুস্থ হয়ে তিনি মারা যান।
মৃত মো. হোসেন আনোয়ারা উপজেলার পূর্ব গহিরা এলাকার আবুল হোসেনের ছেলে। মাদক মামলায় গত বছরের ১৬ ডিসেম্বর থেকে কারাবন্দি ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল বলেন, সকাল ৮টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন কারাগারের সাঙ্গু ভবনের হাজতি মো. হোসেন। ওই সময় তাকে প্রথমে কারা মেডিকেল সেন্টারে নেয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলার আরো বলেন, বুকে ব্যথার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। সব আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।