চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বদিউল আলম। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- পুলিশ সুপার আশরাফুল করিম, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহাদাত হোসেন, সহকারী পুলিশ সুপার জসীম উদ্দীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, কলকারখানা পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, পরিবেশ অধিদফতরের উপপরিচালক ফেরদৌস আনোয়ার, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার, বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেন।
বিস্ফোরণের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনারোধে সুপারিশমালা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে বলা হয়েছে।
এদিকে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পক্ষ থেকেও সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ জুন) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিমকে প্রধান করে গঠিত কমিটিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালককে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন, ক্ষতিগ্রস্ত সম্পদের বিবরণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, সম্পদের স্থিরচিত্র ও অন্যান্য ব্যবস্থাদিসহ প্রাসঙ্গিক বিষয়গুলো অনুসন্ধান করে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, ডিপোর কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছিল কিনা তাও যেন অনুসন্ধানে উঠে আসে।