জয়পুরহাটের আক্কেলপুরের হলহলিয়া রেল ব্রিজ চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে ব্রিজ সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে মেহেদী হাসান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে পঞ্চগড় জেলা সদরের রাজমহল এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এস,এম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১৭ জুলাই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে আক্কেলপুর উপজেলার হলহলিয়া রেল ব্রিজ পার হওয়ার সময় ট্রেনের ভেতর থেকে মাথা বের করে সেলফি তুলতে থাকে ওই স্কুলছাত্র। এ সময় ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে তার হাতের কবজি ছিড়ে যায় আর দেহ কিছুক্ষণ আটকে থাকার পর ব্রিজের নিচে নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে মরদেহ উদ্ধার করতে পারেনি।
সোমবার সকাল ৮টার দিকে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ১০মিনিটের মধ্যে তার মরদেহ উদ্ধার করেছে।